আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও পুরান ঢাকার দুই ভাই এনামুল হক ভূঁইয়া ওরফে এনু এবং রুপন ভূঁইয়াকে জামিন দেননি সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
৮ কেজি সোনা উদ্ধারের মামলায় তাদের জামিন চাওয়া হয়েছিল। আপিল বিভাগ আগামী ২ মাসের মধ্যে নিম্ন আদালতকে এ মামলার বিচার কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ২৮ নভেম্বর মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আরেক মামলায় এনু-রুপনকে ৭ বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি তাদের ৫২ কোটি টাকা করে জরিমানা করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক বদরুল আলম ভূঁইয়া এ রায় দেন।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এ দেশের মানুষ দুর্নীতিবাজদের ঘৃণা করেন। আর যারা মানি লন্ডারিং অপরাধের সঙ্গে যুক্ত, তারা শুধু আমাদের সম্পদ চুরি করছে না, তারা আমাদের সন্তানদের ভবিষ্যৎ চুরি করছে। তাদের প্রত্যেককে বিচারের আওতায় এনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা আমাদের প্রত্যেকের কর্তব্য।
২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর এনামুল ও রুপনের পুরান ঢাকার বানিয়ানগরের বাসাসহ তাদের দুই কর্মচারীর বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে পাঁচ কোটি টাকা এবং সাড়ে সাত কেজি সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় সূত্রাপুর ও গেন্ডারিয়া থানায় তাদের নামে ছয়টি মামলা হয়।