নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উদ্যোক্তা ও দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। মনোযোগী হতে হবে বৈশ্বিক চাহিদা বিবেচনায় পণ্য উৎপাদনের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১ তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্যের মেলা উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় অধিক কর্মসংস্থান সৃষ্টির জন্য শ্রমঘন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার আহবান জানান সরকার প্রধান।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ৭ দিনব্যাপী জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা। রোববার শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন আয়োজিত এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও স্টার্টআপ ক্যাটাগরিতে ৭ জন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এসময় পুরস্কারপ্রাপ্তরা জানান, এই পুরস্কার তাদের কাজে অনুপ্রেরণা যোগাবে।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে কাজ করেছে। এই খাতের উদ্যোক্তাদের জন্য সরকারের পদক্ষেপ তুলে ধরেন তিনি।
অর্থনীতিতে শিল্প খাতের ভূমিকা বড় জানিয়ে সরকার প্রধান বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের শ্রমিকদের ভালো কর্মপরিবেশ তৈরি করতে হবে। চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হতে বলেছেন শেখ হাসিনা।
বৈশ্বিক চাহিদা বিবেচনা করে শতভাগ রপ্তানীমুখী পণ্য উৎপাদনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মেলা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এবারের মেলায় সাড়ে তিনশোর বেশি স্টল অংশ নিয়েছে।