
নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জয়ী হয়েছেন। তবে তাঁর স্ত্রী শেরীফা কাদের হেরেছেন। এমন কি তিনি জামানাতও হারিয়েছেন।
এবার নির্বাচনে আওয়ামী লীগ থেকে ২৬টি আসনে ছাড় পেয়েছিল জাতীয় পার্টি। তারমধ্যে ১৫ প্রার্থী পরাজিত হয়েছেন। পরাজিত প্রার্থীদের মধ্যে পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রীও আছেন। লাঙ্গলের এসব প্রার্থীকে হার মানতে হয়েছে ক্ষমতাসীনদেরই স্বতন্ত্র প্রার্থীর কাছে।
ঢাকা-১৮ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শেরীফা কাদের। মাত্র ৬ হাজার ৪২৯টি ভোট পেয়ে তিনি তৃতীয় হয়েছেন। শেরীফা কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য।
ওই আসনে জিতেছেন স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করা ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা খসরু চৌধুরী। কেটলি প্রতীকে তিনি পেয়েছেন ৭৯ হাজার ৮৫ ভোট।
স্বতন্ত্র হয়ে নির্বাচনে নামা আরেক আওয়ামী লীগ নেতা এস এম তোফাজ্জল হোসেন ট্রাক প্রতীকে ৪৪ হাজার ৯০৯ ভোট পেয়ে হয়েছেন দ্বিতীয়।
এদিকে রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আগে এ আসনের সংসদ সদস্য ছিলেন তাঁর ভাতিজা এরশাদপুত্র রাহগীর আলমাহি সাদ।
Leave a Reply