ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁও সদর উপজেলার রহমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকায় রাইস মিলের বয়লার বিস্ফোরণে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সকাল ৯টায় পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকায় সাইদুরের রাইস মিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দাসপাড়া এলাকার সাগরের স্ত্রী দীপ্তি রানী (৪০), তার মেয়ে পূজা (৮) এবং পলক (৯)। এ সময় ৪জন আহত হয়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার সকালে সাইদুরের রাইস মিলের শ্রমিকরা ধান সিদ্ধ করার জন্য বয়লার মেশিন চালু করে। এক সময় শ্রমিকরা বয়লার বন্ধ রেখে অন্য কাজে গেলে অতিরিক্ত চাপে বয়লার বিস্ফোরণ হয়। এতে বয়লারের একটি বড় অংশ দীপ্তি রানী, তার মেয়ে পূজা ও পলকের ওপর গিয়ে পড়লে তারা ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হয় আরও দুইজন। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনার পর থেকে রাইস মিলের মালিক সাইদুর রহমান ও কাজের শ্রমিকদের খুঁজে পাওয়া যায়নি।