নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় হতাহতের ঘটনার বিচারের দাবিতে রাজধানীতে ‘ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার সাইন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গিয়ে অবরোধ করে তারা।
বিক্ষোভ-সমাবেশ হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারেও। গণগ্রেপ্তারের নামে নিপীড়ন চলছে বলে অভিযোগ করেছে আন্দোলনকারীরা।
এদিকে, উত্তরায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুরে মিছিল নিয়ে সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তাদের সাথে অন্য পেশার মানুষও যোগ দেয়। দুই ঘণ্টারও বেশি সময় ধরে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রাখে তারা।
পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। সেখানে দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এসময় সাম্প্রতিক সহিংসতায় নিহতের ঘটনায় বিচার দাবি করেন তারা।
বিক্ষোভ সমাবেশ হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারেও। বিকেলে দ্রোহযাত্রার ব্যানারে মিছিল নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য শ্রেণিপেশার মানুষ শহীদ মিনারে এসে জড়ো হন।
এদিকে, উত্তরার কয়েকটি স্থানে মিছিল বের করলে আন্দোলনকারীদের সঙ্গে পুুলিশের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা ইটপাটকেল ও পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় বেশ কয়েকজন আহত হয়।
এদিকে, ধানমন্ডিতে মানববন্ধন করেছে সাংস্কৃতিক অঙ্গনের অনেকে। প্রতিবাদী শিল্পকর্মে হতাহতের ঘটনায় বিচার দাবি করেন তারা।
সব কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।