
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি : “সমাজসেবায় গড়ব দেশ- স্মার্ট হবে বাংলাদেশ”-এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ জানুয়ারী মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় দিনাজপুরের আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় সমাজসেবা দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
জেলা সমাজসেবা কার্যালয় এর উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রামাণিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ময়নুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ মসফিকুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ শরিফ ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার এবং উত্তরণ সাংস্কৃতিক গোষ্ঠি ও পাঠাগারের নির্বাহী পরিচালক আলেয়া বেগম এবং সিডিএ’র রিসোর্স পার্সন অনামিকা পান্ডে। আলোচনা সভা শেষে সমাজসেবা কার্যালয়ে কর্মরত বিরামপুর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবদুল আউয়াল, জেলা সমাজসেবা কার্যালয় দিনাজপুরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ গোলাম রাব্বানী, ঘোড়াঘাট উপজেলার সমাজকর্মী আহাদুজ্জামান ও অফিস সহায়ক মোঃ আনোয়ারুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজসেবা দপ্তরের মাধ্যমে দিনাজপুরে প্রায় ৩ লক্ষ উপকারভোগী মানুষের মাঝে ভাতা বিতরণ করা হচ্ছে। সমাজসেবা দপ্তরের মাধ্যমে সরকার পিছিয়ে পড়া-সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির কল্যাণে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সহযোগিতা প্রদান করে যাচ্ছে। বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। কাউকে পিছিয়ে ফেলে নয়, সকলকে সাথে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে সমাজসেবা অধিদপ্তর হবে তার সেবার কারিগর।
Leave a Reply