নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্তব্য করেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দেশত্যাগে যেহেতু কোন নিষেধাজ্ঞা নেই, তিনি যে কোনো জায়গায় যেতেই পারেন। আজ সোমবার (৩রা জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মিডিয়া ব্রিফিং-এ গণমাধ্যমকর্মীরা পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, বেনজীর আহমেদকে খোঁজার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে কিনা বা তিনি কোথায় আছেন তা মন্ত্রনালয় জানে কিনা । জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'তার দেশত্যাগে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। কোর্টও দেয়নি, দুদকও দেয়নি। কারো ওপর যখন দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকে তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। ৬ জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি দেখার বিষয়, না কি তিনি সময় নিচ্ছেন। যেহেতু তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা কোনো জায়গা থেকে দেওয়া হয়নি তো তিনি যে কোনো জায়গায় যেতেই পারেন।'
বেনজীর-আজিজ আওয়ামী লীগ সরকারের সৃষ্টি বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে দেশ পরিচালনা করছে। সরকারের কোনো হস্তক্ষেপ না থাকায় দুদক অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করছে। তাই সবাই এসব দুর্নীতির কথা জানতে পারছে। আদালত অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে। এটা তো অন্য কেউ তুলে আনেনি। তাই সরকারকে এ ব্যাপারে দোষারোপের কোন সুযোগ নেই।