আর্ন্তজাতিক ডেস্ক: ইংরেজি নতুন বছর ২০২৪-কে বরণে বিশ্বের নানা প্রান্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে বিশ্ববাসী। এজন্য বিশ্বের ঐতিহ্যবাহী সব স্থাপনা সাজানো হয়েছে ঝলমলে আলোকসজ্জায়। নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
বিদায় নিচ্ছে ২০২৩ সাল। ইংরেজি নতুন বছর-২০২৪-কে বরণ করে নিতে উৎসবে মেতে ওঠার অপেক্ষায় সারাবিশ্ব। দেশে দেশে চলছে নতুন বছর বরণে শেষ মুহূর্তের প্রস্ততি। বিভিন্ন দেশের ঐহিত্যবাহী সব স্থাপনা সেজেছে বর্ণিল আলোকসজ্জায়।
ভৌগলিক অবস্থানের কারণে প্রতিবছরের মতো এবারও ২০২৪-কে সবার আগে স্বাগত জানাবে প্রশান্ত মহাসাগরের টোঙ্গা, সামোয়া ও কিরিবাতি দ্বীপের বাসিন্দারা। এরপরই নতুন বছরকে বরণ করবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও জাপানবাসী।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রবিন্দু নিউইয়র্কের টাইমস স্কয়ারের ক্রিস্টাল বলে ক্ষণ গণনা করতে অপেক্ষমাণ হাজারো মানুষ। নিউইয়র্ক ছাড়াও দেশটির বিভিন্ন শহরে করা হয়েছে চোখ ধাঁধানো আয়োজন।
নতুন বছরকে বরণে প্রস্তুত ব্রিটেন। থার্টি ফার্স্টের রাতে টেমস নদীর উপরে আতশবাজির আলোক ঝলকানি দেখতে জড়ো হচ্ছেন পর্যটকরা। অপরূপ সাজে সেজেছে ইতালির বিভিন্ন স্থাপনা।
এছাড়াও বর্ষবরণে দুবাইয়েও থাকছে জমকালো আতশবাজির আয়োজন। এছাড়া চীন, স্পেন, ফ্রান্স, কানাডা, রাশিয়াসহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছর বরণে চলছে নানা প্রস্তুতি।