
নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকী আর মাত্র ৩ দিন। শেষ মুহূর্তে জমজমাট রাজধানীসহ সারাদেশের প্রচারণার মাঠ। সংসদ নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজে ভাসছে গোটা দেশ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের গণসংযোগে মুখরিত হয়ে উঠেছে পাড়া-মহল্লা। প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ, নির্বাচনী সভা ও সমাবেশসহ নানামুখি প্রচার চালিয়ে যাচ্ছেন। ভোট প্রার্থনা করছেন ভোটারদের কাছে গিয়ে।
জাতীয় সংসদ নির্বাচনের জমজমাট প্রচারণা চলছে ঢাকাসহ সারাদেশে। বিভিন্ন সড়ক ও অলিগলি প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে লাগানো পোস্টারে ছেয়ে গেছে। চলছে মিছিল-মিটিং ও পথসভা। ভোটারদের মধ্যে বিতরণ করা হচ্ছে লিফলেট।
ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাহাউদ্দিন নাসিম রাজধানীর শান্তিনগর ও পীরেরবাগ এলাকায় বুধবার সকালে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এ সময় বিএনপির অগ্নিসন্ত্রাস রুখে দিতে জনগণকে নৌকার পক্ষে ভোট দেয়ার আহবান জানান তিনি।
এদিকে, ঢাকা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ আওলাদ হোসেন রাজধানীর জুরাইনের আলমবাগে নির্বাচনী প্রচারণা চালান। পরিবর্তনের অঙ্গীকার করে জনগণের কাছে ভোট চান তিনি।
ঢাকা-১৮ আসনের উত্তরখান এলাকায় প্রচারণা চালান স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরী। এ সময় তার সমর্থকদের হুমকি ধামকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মাগুরার দুটি আসনে আওয়ামী লীগের দুই প্রার্থী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। মঙ্গলবার রাতে শহরের ছানার বটতলা বেলতলা এলাকায় মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাগুরা-২ আসনের প্রার্থী বিরেন শিকদারকে সংবর্ধনা প্রদান করা হয়।
এদিকে, শেরপুর-১ আসনে প্রার্থীদের প্রচারণায় সরগরম শহর বন্দর সহ পাড়া মহল্লা অলি গলি। মঙ্গলবার রাতে সদর উপজেলার বাজিত খিলাতে নৌকা প্রতিকের প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক গণসংযোগ করেন।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাইস্কুল মাঠে পথসভা করেছেন দিনাজপুর-৬ আসনের নৌকার প্রার্থী শিবলী সাদিক। প্রতিদিন এই আসনের হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাটের বিভিন্ন পাড়া মহলল্লায় নির্বাচনী প্রচারণা, পথসভা ও উঠান বৈঠক করছেন তিনি।
আওয়ামী লীগ মনোনীত রাজবাড়ী-১ আসনের প্রার্থী কাজী কেরামত আলী নিজ এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন।
Leave a Reply