ঠাকুরগাঁও সংবাদদাতা: নানা সমস্যায় জর্জরিত ঠাকুরগাঁওয়ের বক্ষব্যাধি ক্লিনিক। জেলা শহরের সত্যপীর ব্রিজ এলাকায় অবস্থিত এ ক্লিনিকটিতে রয়েছে জনবল-সংকট। সংস্কারের অভাবে খসে পড়ছে ভবনের পলেস্তারা। অকেজো পড়ে আছে প্রয়োজনীয় যন্ত্রপাতি। এমন অবস্থায় কাঙ্খিত সেবা মিলছে না রোগীদের। ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের।
১৯৬৪ সালে ঠাকুরগাঁও পৌর শহরের সত্যপীর ব্রিজ এলাকায় স্থাপন করা হয় বক্ষব্যাধি ক্লিনিক। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এই ক্লিনিকে সেবা দেয়া হয়। তবে বর্তমানে নানা সমস্যায় এখানে কাঙ্খিত সেবা পাচ্ছেন না রোগীরা। প্রতিষ্ঠানটির পুরোনো ভবন সংস্কারের অভাবে পলেস্তারা খসে পড়ছে। নেই পর্যাপ্ত জনবলও। দীর্ঘদিন ধরে এক্স-রে মেশিনটি অকেজো পড়ে থাকায় রোগীদের এক্সরে করতে যেতে হয় দূরের কোন প্রতিষ্ঠানে।
রোগীদের অভিযোগ, চিকিৎসা সেবা প্রদানে একজন বক্ষব্যাধী কনসালটেন্ট ও একজন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও রয়েছেন কেবল একজন সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়াও ক্লিনিকে কফ ও টিবি পরীক্ষার করার জন্যে জিন এক্সপার্ট মেশিন থাকলেও নেই কোন ধরনের প্যাথলোজিক্যাল পরীক্ষার ব্যবস্থা।
ঠাকুরগাঁও বক্ষব্যাধি ক্লিনিকের ভারপ্রাপ্ত কনসালটেন্ট শুভেন্দু কুমার দেবনাথ জানিয়েছেন সমস্যাগুলো নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এদিকে ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ইফতেখায়রুল ইসলাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে জানান, হাসপাতালটির সংকট কাটাতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।