নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে যুগান্তকারী উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।
আজ সোমবার (৮ই জানুয়ারি) বিকেলে গণভবনে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি যুগান্তকারী নির্বাচন, ভোট নিয়ে মানুষের এত আগ্রহ আগে দেখেনি। জনগণ ভোটি দিয়ে আমাদের নির্বাচিত করেছে। তাই এ জয় আমার একার নয়; এ জয় জনগণের।
সাংবিধানিক প্রক্রিয়ায় সরকার গঠিত হবে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, এই নির্বাচনে দেশের জন্য, মানুষের জন্য গণতন্ত্রের অধিকার সুরক্ষিত হয়েছে।
তিনি বলেন, দেশে একজনও হতদরিদ্র না রাখা আমার লক্ষ্য, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বর্তমানের, মধ্যমেয়াদের এবং দীর্ঘমেয়াদের পরিকল্পনা নিয়ে এগুবো।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কোনো দল গণতান্ত্রিক দল নয়, সন্ত্রাসী সংগঠন, জনগণ তাদের সমর্থন দেয়নি।
গণতন্ত্রে অংশগ্রহণই মুখ্য উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রে বিরোধী দল থাকতে হয় বলে আমাকে বিরোধী দল গঠন করতে বলা ঠিক হবে না, সেটা করলে তো বিরোধী দল হবে না।