নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি স্বাভাবিক আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার দিকে গেছে। নেতিবাচক রাজনীতির কারণেই তারা ফাঁদে পড়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষ ভোট প্রদানের জন্য মুখিয়ে আছে, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বিএনপি যতই অপপ্রচার করুক, তাদের কথায় জনগণ কান দেবে না। কতটা দেউলিয়া হলে লিফলেট বিতরণ করে।
ওবায়দুল কাদের বলেন, প্রার্থীরা সংঘর্ষে জড়ালে আমরা দায় নেবো না। নির্বাচন কমিশন আইনপ্রয়োগকারী সংস্থার মাধ্যমে কোনো ব্যবস্থা নিলে আমরা হস্তক্ষেপ করব না। প্রার্থীদের দায়িত্বশীল আচরণের জন্য আহ্বান জানাব।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ দপ্তর সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ অন্যান্যরা।