
নিজস্ব প্রতিবেদক: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে পঞ্চগড় থেকেও কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। সরকার সারাদেশে রেল যোগযোগের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে জানিয়েছে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জন্য সহজ ও অল্প খরচে চলাচলের ব্যবস্থা করতে দেশজুড়ে আধুনিক রেল নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে।
আজ (শনিবার) পর্যটন নগরী কক্সবাজারে আইকনিক রেলস্টেশন ও চট্টগ্রাম-কক্সবাজার রেলস্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় শেখ হাসিনা বলেন, আধুনিক ট্রেনসেবা নিশ্চিতে কাজ চলছে। অত্যাধুনিক কোচের পাশাপাশি ট্রেনের বগিতে ওয়াইফাইও থাকবে বলে জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, যারা মানুষ পুড়িয়ে মারে, তাদের সহ্য করা হবে না। এদের সম্পর্কে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
ক্ষমতার লোভে দেশের সম্পদ কারো হাতে তুলে দিতে রাজি হননি বলেই ২০০১ সালে ক্ষমতা হারাতে হয়েছিলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরন করে তাঁর সরকার সবসময় দেশের স্বার্থেই কাজ করবে।
আজ প্রধানমন্ত্রী প্রায় ৮৮ হাজার কোটি টাকা ব্যয়ে রেলসহ ১৫টি প্রকল্পের উদ্বোধন ও ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর অতিথিদের নিয়ে আইকনিক রেলস্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবেন এবং পতাকা উড়িয়ে হুইসেল বাজাবেন। পরে প্রধানমন্ত্রী ট্রেনে চড়ে রামু পর্যন্ত ভ্রমণ করবেন। সেখানে বেলা ১১টার দিকে রামু সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
পরে রামু থেকে হেলিকপ্টার যোগে মহেশখালী উপজেলার মাতারবাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেলের উদ্বোধন এবং ১ম টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকার প্রধান।
এরপর মাতারবাড়ি টাউনশিপ মাঠে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন এবং মাতারবাড়ি ১২শ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
Leave a Reply