1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
ফাল্গুনের বৃষ্টি, আমের স্বর্ণালী মুকুলে ভরে যাবে রাজশাহী - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

ফাল্গুনের বৃষ্টি, আমের স্বর্ণালী মুকুলে ভরে যাবে রাজশাহী

  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৪ Time View

আর কয়েক দিন পরেই আমের স্বর্ণালী মুকুলে ভরে যাবে রাজশাহী। দুই-একটি করে গাছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে মুকুল উঁকি দেওয়াও শুরু করেছে। এ সময়ে বৃহস্পতিবার রাজশাহীতে ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি শেষ হওয়ার পর আকাশে ঝলমলে রোদও উঠেছে।

গাছে মুকুল আসার এ সময়ে বৃষ্টির পর ঝলমলে রোদ আমের জন্য খুবই ভালো বলে জানাচ্ছেন কৃষক আর কৃষি কর্মকর্তারা। তারা জানিয়েছেন, এই বৃষ্টিতে গাছের গোড়ায় একটা সেচ হয়ে গেছে। পাতায় পাতায় জমে থাকা ধুলোবালি ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। এখন গাছে ভালোভাবে সালোকসংশ্লেষণ হবে। বৃষ্টির কারণে গাছগুলো নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৩৫ মিনিটে। আর বৃষ্টি শুরু হয়েছে ৫টা ৫০ মিনিট থেকে। অর্থাৎ ভোরের আলো ফোটার আগেই ফাল্গুনের বর্ষণে ভিজেছে রাজশাহী। বৃষ্টি চলেছে সকাল ৭টা ৪৫ মিনিট পর্যন্ত। এ সময় রাজশাহীতে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। এতে শুষ্ক বরেন্দ্র অঞ্চলের প্রাণ-প্রকৃতিতে ফিরেছে সতেজতা। বৃষ্টি থেমে যাওয়ার পর আকাশে সূর্য উঠে যায়। ঝলমলে রোদে ভরে ওঠে প্রকৃতি।

এই বৃষ্টিতে আমের খুব উপকার হবে বলে জানিয়েছেন রাজশাহীর পবার ভালাম এলাকার আমচাষি রফিকুল ইসলাম। তিনি জানান, কিছুদিনের মধ্যেই গাছে গাছে মুকুল আসবে। তাই গাছের গোড়ায় প্রতিদিনই সেচ দিচ্ছেন। পাইপের মাধ্যমে গাছের পাতাতেও পানি ছিটিয়ে দেওয়া হয়। এই কাজটিই করে দিয়েছে বৃষ্টি। কিছু গাছে ইতোমধ্যে মুকুল দেখা দিয়েছে। বৃষ্টির পর রোদ না হলে এগুলোর ক্ষতি হতো। তবে বৃষ্টির পর রোদ উঠে যাওয়ায় কোনো ক্ষতি হবে না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহীর উপপরিচালক মোজদার হোসেন বলেন, এখন গাছে মুকুল আসবে। কিছু গাছে ইতোমধ্যে মুকুল দেখা দিয়েছে। এ সময়ে গাছের প্রচুর খাদ্য দরকার। কিন্তু দীর্ঘ সময় বৃষ্টি না থাকলে গাছের পাতায় ধুলোবালি জমে গিয়ে খাদ্য তৈরি বাধাগ্রস্ত হয়। এই বৃষ্টিতে ধুলোবালি ধুয়ে পাতা চকচকে সবুজ হয়ে গেছে। এখন গাছের খাদ্য তৈরি হবে বেশি। ফলে আমের ভালো ফলন হবে। এ বৃষ্টিটা খুব দরকার ছিল।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, এর আগে গত ১৪ ফেব্রুয়ারি রাতে ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। বৃহস্পতিবার চলতি মৌসুমের দ্বিতীয় বৃষ্টিপাত হয়েছে। এ ধরনের বৃষ্টি সাধারণত কিছু সময় পরেই থেমে যায়। এ দিনও তাই হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews