খুলনার বিল ডাকাতিয়ার মানুষ জলাবদ্ধতার দুর্ভোগ নিয়ে বেঁচে আছে বছরের পর বছর। ১৯৮৪ সালের বন্যার পর থেকেই মানবেতর জীবনযাপন করে আসছে এখানকার বাসিন্দারা। সরকারের নেয়া একাধিক প্রকল্প ব্যর্থ হয়েছে। নষ্ট হয়েছে শত শত কোটি টাকা। নকশা অনুযায়ি কাজ না হওয়ায় সেসব প্রকল্প ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিল ডাকাতিয়ার বেশিরভাগ অংশ খুলনা জেলার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা এলাকা জুড়ে। ৮০র দশক থেকে এখানে বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এটি নিরসনে পানি উন্নয়ন বোর্ড ৯০র দশকে ২২৯ কোটি ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয়। এ প্রকল্পের আওতায় নদী ও খাল খনন, সড়ক উন্নয়ন, কালভার্ট নিমার্ণসহ আরও কিছু স্থাপনা নির্মাণ করা হয়। এ প্রকল্পের কাজ শেষে কিছু অংশের জলাবদ্ধতা নিরসন হলেও দুর্ভোগ থেকেই যায়।
এরপর ২০১৪ সাল থেকে ২০২১ সালের ৩০শে জুন পর্যন্ত ১০৯ কোটি টাকা ব্যয়ে আরও একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়। কিন্তু চলতি বছর কয়েকদিনের বৃষ্টিতে আবারও তলিয়ে যায় দুই উপজেলার ৫ ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম। এতে ভোগান্তিতে পরেন স্থানীয় বাসিন্দারা।
বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা দূর করতে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা।
কয়েক যুগ ধরে এই এলাকার জলাবদ্ধতা নিরসন না হওয়ায়, এই সমস্যা সমাধানে একটি যথাযথ পরিকল্পনা গ্রহণ ও কার্যকরের আহবান জানিয়েছেন স্থানীয়রা।