নিজস্ব প্রতিবেদক: বৃষ্টির আভাসের মধ্যেই দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে এখনও রংপুর ও রাজশাহী বিভাগসহ ১৮ জেলায় মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব অঞ্চলে মাঘের তীব্র শীতে স্বাভাবিক জীবনযাপনও ব্যহত হচ্ছে। আজ বুধবার (২৪ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহজুড়েই শীতের তীব্রতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
কুয়াশার চাদরের ঢাকা এ যেন অন্য রকম এক নগরী। গেল কয়েক বছরে এমন কুয়াশার দৃশ্য খুব একটা চোখে না পরলেও এবারের মাঘের শীতে সকালে এমন ঘন কুয়াশা দেখছে রাজধানীবাসী। যে কারণে সূর্য উঁকি দিতেও সময় নিচ্ছে।
গেল দুদিন দাপট দেখিয়ে বুধবার কিছুটা কমেছে শীতের তীব্রতা। রোদ ঝলমলে হয়ে উঠেছে রাজধানীর আকাশ। তবে শুক্রবার থেকে আবারো তাপমাত্রা কমে যেতে পারে বলে জানিয়ে আবহাওয়া অফিস।
রাজধানীতে শীতের তীব্রতা কিছুটা কমলেও দেশের উত্তরের জেলাগুলোয় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে ঠান্ডায় জুবুথুবু অবস্থ প্রাণ প্রকৃতিরা। দিনের বেশির ভাগ সময়ই আকাশ কুয়াশাচ্ছন্ন রয়েছে এসব জায়গায়। তাপমাত্রা কমে যাওয়ায় আজোও বন্ধ রয়েছে বেশ কিছু জেলার শিক্ষা প্রতিষ্ঠান।
কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে এখনো বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ ছিলো পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
এদিকে দেশের দক্ষিণাঞ্চল এবং ঢাকা ও ফরিদপুরের কিছু জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। যা বৃহস্পতিবারও অব্যহত থাকতে পারে।
মেঘ কেটে গেলে আবারো ঠান্ডা জেঁকে বসার সম্ভাবনা রয়েছে। যা মাস জানুয়ারি জুড়েই থাকতে পারে।