গাজীপুর সদর উপজেলার নতুনবাজার এলাকায় বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। এ সময় পুলিশ বাধা দিলে শ্রমিকদের ছোড়া ইটে শিল্পপুলিশের এএসপি ও এক পরিদর্শক আহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে জেলার সদর উপজেলার গড়াগড়িয়া মাস্টারবাড়ির নতুনবাজার এলাকার এসএম নিট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে পুলিশের এ ঘটনা ঘটে।
জানা গেছে, ২৩ অক্টোবর থেকে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। শনিবার সকাল ১০টার দিকে জেলার সদর উপজেলার নতুনবাজার এলাকার এসএম নিট গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন শুরু করেন। এ সময় আন্দোলনরত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
এ সময় উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। পরে পুলিশ শ্রমিকদের নিবৃত করতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেলসহ গুলি ছুড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে শিল্পপুলিশ-২ গাজীপুরের শ্রীপুর সাব-জোনের সহকারী পুলিশ সুপার মো. আসাদ, পরিদর্শক আবদুর নুরসহ কয়েকজন আহত হন।
শিল্পপুলিশ-২, গাজীপুরের শ্রীপুর সাব-জোনের সহকারী পুলিশ সুপার মো. আসাদ বলেন, আমরা প্রথমে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করি। কিন্তু তারা আমাদের কথা না শুনে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে আমিসহ পরিদর্শক আবদুর নুর রক্তাক্ত আহত হন।