নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ১৯ জন গণমাধ্যম ব্যক্তিত্বের মধ্যে ১১ জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তাদের কেউ গণমাধ্যমের মালিক, কেউ সম্পাদক, কেউবা সাংবাদিক।
ঢাকা-৯ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করেন সাবের হোসেন চৌধুরী। জাতীয় দৈনিক ভোরের কাগজের প্রকাশক তিনি। ৯০ হাজার ৩৯৬ ভোট পেয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের মালিক এ কে আজাদ। তবে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি ফরিদপুর-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন। ঈগল প্রতীকে ১ লাখ ৩৪ হাজার ৯৮ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।
সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সময় টিভির মালিকদের একজন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন নৌকা প্রতীক নিয়ে। নির্বাচনে তিনি ১ লাখ ৫৪ হাজার ৪৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। ঢাকা-১ আসনে নৌকার প্রার্থী ছিলেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মালিক সালমান এফ রহমান। আওয়ামী লীগের এই প্রার্থী পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৫ ভোট।
গাজী টিভি ও অনলাইন সংবাদমাধ্যম সারা বাংলার মালিক গোলাম দস্তগীর গাজী এবারও নারায়ণগঞ্জ-১ আসনে ছিলেন আওয়ামী লীগের প্রার্থী। ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট পাওয়া এই রাজনীতিবিদ ও গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিক বড় ব্যবধানে জয়ী হন।
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান নৌকা প্রতীক নিয়ে চাঁদপুর-৪ আসন থেকে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তিনি এ আসনের বর্তমান সংসদ সদস্য। ৩৬ হাজার ৪৫৮ ভোট পেয়ে তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন পত্রিকার মালিক কাজী নাবিল আহমেদের নির্বাচনী এলাকা যশোর-৩ আসন। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৭২০ ভোট। এ নিয়ে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।
নৌকা প্রতীক নিয়ে নোয়াখালী-২ আসনে প্রার্থী হন আরটিভির মালিক মোর্শেদ আলম। ৫৬ হাজার ১৮৬ ভোট পেয়ে তিনি তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা-১৫ আসন থেকে মোহনা টেলিভিশনের মালিক কামাল আহমেদ মজুমদার নির্বাচনে লড়েছেন নৌকা প্রতীকের প্রার্থী হয়ে। তিনি ৩৯ হাজার ৬৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নোয়াখালী-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে ভোট করেন গ্লোবাল টেলিভিশনের মালিক মামুনুর রশিদ কিরণ। বাংলাদেশ জার্নালের প্রকাশক ডা. আনোয়ার হোসেন খান লক্ষ্মীপুর-১ আসন থেকে ৪০ হাজার ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তবে দৈনিক ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জু, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিক সালমা ইসলাম, কালবেলা পত্রিকার মালিক নজরুল ইসলাম দুলাল, দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবীর, ঢাকা টাইমসের মালিক আরিফুর রহমান দোলন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট সম্পাদক হাশেম রেজা, দৈনিক সকালের সময়ের মালিক নুর হাকিম নির্বাচনে লড়লেও জয় পাননি।