মো: রমিজ আলী, সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর এলাকায় বাড়ীর জায়গা জমির বিরোধের জেরে এক যুবক কে কুপিয়ে খুন করেছে আপন জেঠা ও জেঠাতো ভাই। গত বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকাল ৩টার সময় সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড দক্ষিণ বগাচতর এলাকার হাক্কানী বাড়ীতে এঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, ঐ এলাকার মোঃ ইলিয়াছ এর পুত্র মোঃ সুমন (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমনের সাথে আপন জেঠা মোঃ মামুনের দীর্ঘদিন ধরে বাড়ীর জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকালে কথা কাটাকাটির এক পর্যায়ে মোঃ মামুন এবং মোঃ মিলন নিজ বাড়ীতে মোঃ সুমনকে কুপিয়ে মারাত্মক জখম করে। ঘটনার এক পর্যায়ে আহত সুৃমনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার তার মৃত্যু হয়। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন পিপিএম জানান, বাড়ীর জায়গার জমির বিরোধ নিয়ে সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর এলাকায় ছুরিকাঘাতে মারাত্মক জখম হন সুমন নামে এক ব্যক্তি। ঘটনাস্থল থেকে স্থানীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার তার মৃত্যু হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।