
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা সরকারের নেই। যারা অপরাধে জড়িত তারা রাজনৈতিক দলের নেতাকর্মী নন।
রাজধানীর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরস্থানে কবির ১২৫তম জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের বিজয়কে সংহত করার কাজ এখনও অনেক বাকি। কিন্তু বিএনপির পৃষ্ঠপোষকতায় কিছু অশুভ শক্তি তৎপর এ কাজে বাধা হয়ে দাঁড়িয়ে আছে।
ওবায়দুল কাদের বলেন, আজকের দিনে আমাদের অঙ্গীকার হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ থেকে সাম্প্রদায়িক বিষবৃক্ষ সমূলে উৎপাটিত করে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। সেটিই হবে নজরুলের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা।
এ সময় আওয়ামী লীগ নেতাদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন— দলের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ।
Leave a Reply