
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের’ মধ্যে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি বৈঠকে বসেছে।
রোববার (৪ আগস্ট) বেলা ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। কমিটির সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান বৈঠকে রয়েছেন।
এছাড়াও সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর (এনএসআই), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই), বাংলাদেশ কোস্টগার্ড ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান এ বৈঠকে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
সরকারের বর্তমান মেয়াদে এটিই হতে যাচ্ছে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই নীতি-নির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক। এর আগে সবশেষ জাতীয় নির্বাচনের প্রায় দেড় মাস আগে গত বছরের ১৫ নভেম্বর এই কমিটি বৈঠকে বসেছিল।
এছাড়া স্বরাষ্ট্র, আইন, অর্থ, পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী; বিদ্যুৎ-জ্বালাানি, তথ্য-সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছাড়ারও আরও অনেকে উপস্থিত রয়েছেন।
Leave a Reply