
মেহেরপুরে এক চাষীর দুই বিঘা জমির তুলার গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার (৮সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মাঠ পাড়ার মাঠে এ ঘটনা ঘটে।
অভিযোগ করে জমির মালিক শাহাবুদ্দিন জানান, শুক্রবার সকালে তুলার জমির উপর দিয়ে মাটি বহন করতে বাধা দেই। ওই দিন রাতেই গাড়ির মালিক গ্রামের আলাইহিম, আশরাফুল মোল্লা ও আরিফ রাতের আঁধারে তুলার গাছ কেটে দেয়। দুই বিঘা জমির তুলা কেটে দেওয়ায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি এর কঠোর শাস্তির দাবি জানান।
কাজীপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য সাইদুর রহমান বলেন, একটি চক্র বেশ কিছুদিন ধরে গ্রামের বিভিন্ন মাঠে স্কেটার দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছে। এতে কৃষকের তিন ফসলের জমি নষ্ট হচ্ছে। কৃষকরা তুলার জমির ওপর দিয়ে গাড়ি নিতে নিষেধ করাই তারা তুলা গাছ কেটে দিয়েছে। এর বিচার হওয়া দরকার। এলাকাবাসী একাধিকবার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও মেলেনি প্রতিকার।
তুলা উন্নয়র বোর্ডের বেতবাড়িয়া ইউনিটের কো অডিনেটর গোলাম কাদের বলেন, বাকিতে বীজ দিয়ে ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে চাষী ভাইদের আমরা সহযোগিতা করেছি। এমন ক্ষতি মাঠে প্রায় হচ্ছে।
আভিযুক্ত গাড়ির মালিক আলাইহিম বলেন, আমরা বিভিন্ন জমির মাটি কিনে বিক্রি করি। এখানে জমির মালিক তার জমিতে গাড়ি নিতে নিষেধ করলে আমরা গাড়ি নিয়ে চলে আসি। রাতের আঁধারে কোনো তৃতীয় পক্ষের লোকজন ওই জমির তুলা কেটে আমাদের উপর দোষ চাপাচ্ছে।
গাংনি থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, খবর পেয়ে স্থানীয় ক্যাম্প থেকে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply