
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় এখন পর্যন্ত সাড়ে চার হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। গত ৭ই অক্টোবর গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত চার হাজার ৬৫১ জনের মৃত্যু হয়েছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ইসরাইলের হামলায় নিহতদের মধ্যে এক হাজার ৮৭৩ জনই শিশু। এছাড়া আরও এক হাজার ১০১ জন নারী এবং এক হাজার ৬৭৭ জন পুরুষ নিহত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয় যে, নিহতদের মধ্যে ৮৩৯ জনই গাজার দক্ষিণাঞ্চলের বাসিন্দা। এর আগে উত্তরাঞ্চলের লোকজনকে দক্ষিণাঞ্চলে পালাতে বলা হয়েছিল।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় আরও ১৪ হাজার ২৪৫ জন আহত হয়েছে।
এদিকে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জ্বালানি ফুরিয়ে যাওয়ায় যুদ্ধ-বিধ্বস্ত গাজার হাসপাতালগুলোতে ইনকিউবেটরে থাকা অন্তত ১২০ নবজাতকের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে বলে সতর্ক করেছে।
সংস্থাটির মুখপাত্র জোনাথন ক্রিকক্স বলেছেন, বর্তমানে ইনকিউবেটরে ১২০ জন নবজাতক রয়েছে, এদের মধ্যে ৭০ নবজাতকের যান্ত্রিক শ্বাসযন্ত্র প্রয়োজন। এ বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন তারা।
অপরদিকে এই যুদ্ধ আরও কয়েক মাস স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট। ইওভ গ্যালান্ট বলেন, হামাসের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তা আরও কয়েক মাস ধরে চলতে পারে।
তিনি বলেন, এই যুদ্ধ একমাস, দুই মাস বা তিন মাস ধরেও চলতে পারে। কিন্তু যুদ্ধ শেষে হামাসের কোনো অস্তিত্ব থাকবে না। একটি বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে ইসরাইলে প্রতিরক্ষা মন্ত্রী এই হুঁশিয়ারি দেন।
Leave a Reply