
নিজস্ব প্রতিবেদক: বিএনপি জোটের চতুর্থ দফার অবরোধে রাজপথে সরব রয়েছে আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও শান্তি সমাবেশের মাধ্যমেই বিএনপি জোটের অগ্নি-সন্ত্রাসের জবাব দেয়া হবে বলে জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা।
চতুর্থ দফায় বিএনপি জোটের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনেও রাজধানীর থানা ওয়ার্ড, পাড়া মহল্লায় অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের, নেতা কর্মীরা।
রোববার সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে সামনে অবস্থান নেয় ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগ। এ সময় বিএনপি জোটের চোরা গুপ্তা হামলার জবাব কঠোর ভাবে দেয়া হবে বলে জানান আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অবরোধের নামে বাসে আগুন দেয়া ও মানুষের জান মালের নিরাপত্তায় নগরের মূল সড়কসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি জোটের নির্বাচন বানচালের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেয়া হবে না বলে জানান তারা।
এছাড়া, রাজধানীর সবুজবাগ, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী, মহাখালীসহ নগরীর মোড়ে মোড়ে অবস্থান নিয়ে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল করছে নেতাকর্মীরা। দেশের বিভিন্ন জেলা ও উপজেলাতেও চলমান অবরোধের বিরুদ্ধে কঠোর অবস্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
Leave a Reply