
নিজস্ব প্রতিবেদক: নানা প্রতিকূলতা, সংকট, অর্জন ও সম্ভাবনার পথ দেখিয়ে বিদায় নিল ২০২৩। বিদায়ী বছরের অনেকটা জুড়ে আলোচনায় ছিলো রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষা খাতের সংকট। বছর জুড়ে প্রস্তুতির পর ২০২৩ এর শেষ লগ্নে এখন একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের লক্ষ্যে এগুচ্ছে দেশ।
খ্রিষ্ট বর্ষ পরিক্রমায় শেষ হতে চলেছে ২০২৩। বিদায়ী বছরে আন্তর্জাতিক সম্পর্কে তৈরি হয়েছে নতুন নতুন রসায়ন। যা নির্বাচনী বছরে নানামুখী আলোচনার খোরাক যুগিয়েছে। জাতীয় নির্বাচনকে ঘিরে আমেরিকার অতি আগ্রহী ভূমিকা যেমন আলোচনায় ছিল, ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি- দেশের রাজনীতিতে আলোচিত ঘটনা।
বছরের প্রথম ভাগে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ সাহাবুদ্দিন। বছর জুড়ে আলোচনায় দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সংকট। নতুন বছরে জাতীয় নির্বাচনের মধ্যদিয়ে একটা পরিবর্তনের প্রত্যাশা শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম ।
তিনি জানান, বিদায়ী বছরে বিনামূল্যের পাঠ্যপুস্তকের নিম্নমান ও ভুল নিয়ে যেমন সমালোচনা হয়েছে, তেমনি শিক্ষাক্রমের সমালোচনাও হয়েছে ঘুরেফিরে।
বৈশ্বিক ও জাতীয় প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বার বার ঘুরে দাঁড়িয়েছে দেশ। সংকট যেমন ছিলো তেমনি সম্ভাবনাও অপার বলে জানান শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম ।
আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ২৯টি দল বহুমুখী সমঝোতায় নির্বাচনে অংশ নিচ্ছে। দলীয় কোন্দলে এবার নির্বাচনের বাইরে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও এরশাদপত্নী বেগম রওশন এরশাদ। বিদায়ী বছরে বিএনপির রাজনৈতিক সাফল্য হচ্ছে তাদের সমমনা ২৩টি দলকে যুগপৎ আন্দোলনে এক ছাতার নিচে আনা।
আমাদের নোবিপ্রবি জন্য ২০২৩ সালটি ছিল বেশ ঘটনাবহুল। ইতিবাচক নেতিবাচক নানা কর্মকাণ্ডের সাক্ষী হয় নোবিপ্রবি। উপকূলের অক্সফোর্ড খ্যাত বিদ্যাপীঠটির ২০২৩ কেমন কাটল, তার সবকিছু থাকছে এই প্রতিবেদনে।
শিক্ষক থেকে প্রথম কোষাধ্যক্ষ: নোবিপ্রবির ১৭ বছরের ইতিহাসে ১৬ মার্চ প্রথমবারের মতো শিক্ষক থেকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। এর আগে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।
প্রায় ১৮০ দিন ধরে আন্দোলনে শিক্ষার্থীরা: স্নাতক এবং স্নাতকোত্তরের বিভিন্ন কোর্সের সঙ্গে মিল থাকায় বিভাগের নাম অথবা ডিগ্রিকে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের মধ্যে অধিক প্রাসঙ্গিক বিভাগে পরিবর্তন করার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে টানা প্রায় ৬ মাস (১৮০ দিন) ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন, আমরণ অনশন, সাংবাদিক সম্মেলন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। বিভাগটির নির্দিষ্ট বিষয় কোড না থাকায় অধিকাংশ সরকারি চাকরিতে আবেদন করতে পারছেন না এসব গ্র্যাজুয়েটরা। পরবর্তীতে ইউজিসি তাদেরকে রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি দিতে সম্মতি দেয়।
যৌন হয়রানি ও অনৈতিক সম্পর্কের বিষয়ে উড়োচিঠি: বছরের শুরুতে ছাত্রীদের যৌন হয়রানি ও নারী শিক্ষকদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানো নিয়ে ঢাকা জিপিও থেকে একটা উড়োচিঠি আসে। উড়ো চিঠিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের একাধিক জ্যেষ্ঠ পুরুষ শিক্ষক ছাড়াও বেশ কয়েকজন নারী শিক্ষক এবং একাধিক নারী কর্মকর্তার নাম উল্লেখ করা হয়। এর মধ্যে একজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের বেশি নম্বর দেওয়ার কথা বলে যৌন হয়রানি, ফোন করে অশ্লীল কথাবার্তা বলার অভিযোগ তোলা হয়। চিঠিতে একাধিক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন বিভাগের বেশ কয়েকজন নারী শিক্ষক ও নারী কর্মকর্তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ করা হয়।
দ্বিতীয় মেয়াদে উপাচার্য নিয়োগ: নোবিপ্রবির উপাচার্য হিসেবে এ বছরের ১৩ আগস্ট দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। এর আগে ১২ জুন ১ম মেয়াদের ৪ বছর পূর্ণ করেন নোবিপ্রবি উপাচার্য।
স্বর্ণপদকে নোবিপ্রবির তিন শিক্ষার্থী: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’ এর জন্য মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সুদেব বাবু সেন অমিত (৩.৮১), সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের অর্থনীতি বিভাগের নাজমুল হাসান (৩.৮৯) এবং বিজ্ঞান অনুষদের কৃষি বিভাগের বেলায়েত হোসাইন (৩.৯৬) তিন শিক্ষার্থী।
গবেষণায় বিজ্ঞান ও প্রযুক্তিতে দ্বিতীয় নোবিপ্রবি: উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে করা স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের অফিসিয়াল ওয়েবসাইটে ১৪ সেপ্টেম্বরে প্রকাশিত-২০২৩ সালের জুলাই এডিশনের জরিপ অনুযায়ী দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে বিশ্ববিদ্যালয়টি। একই সাথে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম স্থানে উঠে আসে প্রতিষ্ঠানটি।
প্রথমবারের মতো স্থায়ী রেজিস্ট্রার: প্রতিষ্ঠার ১৮ বছর পেরোলেও কখনো স্থায়ী রেজিস্ট্রার ছিল না নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বিভিন্ন সময় খণ্ডকালীন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিয়ে চলে বিশ্ববিদ্যালয়টি। ২৮ নভেম্বর প্রথমবারের মতো স্থায়ী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ জসীম উদ্দিন।
লিফট ভোগান্তি: অন্যান্য সমস্যার পাশাপাশি নোবিপ্রবির অ্যাকাডেমিক ভবন-২ এর লিফট সমস্যাও সমালোচনায় ছিল। ভবনে ২টি লিফট থাকলেও একটি অকেজো অবস্থায় এবং অন্যটি চলমান থাকলেও ছিল নানান সমস্যায় জর্জরিত। প্রায়ই লিফটে শিক্ষার্থীদের আটকা পড়ার ঘটনা ঘটতো। এছাড়াও দশতলা ভবনের লিফটের ডিসপ্লেতে কখনও ১২ আবার কখনও ৯৬ তলায় অবস্থান দেখাতো। পরবর্তীতে সমস্যা সমাধানে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়। তারা রিপোর্ট জমা দিলেও সংস্কার কাজ মন্থর গতিতে চলতে দেখা যায়।
ইমামকে শোকজ: নোবিপ্রবির বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠান পরিচালনা না করার নির্দেশ অমান্য করায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমামকে শোকজ করা হয়।
প্রথমবারের মতো অ্যাথলেটিকস প্রতিযোগিতা: বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৭ বছর পর ২০২৩ সালের মার্চে নোবিপ্রবিতে প্রথম অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রতিযোগিতাকালীন একাডেমিক কার্যক্রম চলমান থাকায় এতে তুলনামূলকভাবে অনেক কম শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরপর থেকে প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করা হবে জানায় শরীরচর্চা বিভাগ।
কাঁকড়া চাষে নতুন প্রযুক্তি উদ্ভাবন: সম্পূরক খাদ্য ব্যবহার করে হ্যাচারিতে কাঁকড়ার পোনা উৎপাদনের পদ্ধতি উদ্ভাবন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। কাঁকড়ার পোনা নার্সিং এবং মোটা তাজাকরণের লক্ষ্যে প্রকল্পটি কক্সবাজার এবং সাতক্ষীরা জেলায় ১৮ মার্চ থেকে চলমান রয়েছে। প্রথম পর্যায়ে উৎপাদিত প্রায় ২০ হাজার পোনা কক্সবাজারের ১৩ জন কাঁকড়া চাষিকে সরবরাহ করা হয়।
সিন্যাপ্স র্যাংকিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে ৪র্থ: সিন্যাপ্স র্যাংকিং র্যাংকিং-২০২৩ এ ৪৭টি জাতীয় পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতার ওপর ভিত্তি করে ১৯১৮ পয়েন্ট নিয়ে ৩ ধাপ এগিয়েছে নোবিপ্রবি। র্যাংকিংয়ে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪র্থ এবং দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৪তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ: ২০ মার্চ বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের ছাদে সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। এ নিয়ে নিহতের বড় ভাই তংজ সাই মারমা অপমৃত্যুর মামলা করলে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আত্মহত্যার বিষয়টি সামনে আসে। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়টি এখনো জানা যায়নি। এর বাইরে এ বছর পৃথক পৃথকভাবে আরও কয়েকজন শিক্ষার্থী আত্মহত্যা চেষ্টা করেছেন।
৬ বছর পর ছাত্রলীগের কমিটি: ২০১৮ সালের ১৮ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগের নোবিপ্রবি শাখার প্রথম কমিটি বিলুপ্ত করা হয়। এরপর প্রায় দীর্ঘ ৬ বছর পর ২০২৩ সালের ১৩ অক্টোবর নাঈম রহমানকে সভাপতি এবং জাহিদ হাসান শুভকে সাধারণ সম্পাদক করে নোবিপ্রবিতে ছাত্রলীগের ২য় কমিটি গঠন করা হয়।
ছাত্রলীগের দুগ্রুপের মারামারি: চায়ের দোকানের সিনিয়র-জুনিয়র বেঞ্চে বসাকে কেন্দ্র দুই গ্রুপের একাধিক শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর দুপুর আড়াইটার দিকে ওই ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের অনুসারীরা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায়।
সিটে বসা নিয়ে ছাত্রলীগের দুগ্রুপের সিনিয়র-জুনিয়রের মধ্যে সকালে প্রথমে বাক বিতণ্ডা চললেও বেলা গড়াতেই তা সংঘর্ষে রূপ নেয়। এতে একজন শিক্ষার্থী গুরুতর আহত হন। আহদের চোখে আঘাত লাগাসহ জখমের ঘটনা ঘটে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়।
জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন নোবিপ্রবি: জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজিত জাতীয় বিতর্ক উৎসব-২০২৩ আন্তঃবিশ্ববিদ্যালয় রাউন্ডে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। ১৫ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি ডিএস চ্যাম্পিয়ন বিতার্কিক দল থেকে বিতর্ক করেন সংগঠনটির সভাপতি নাজমুল ইসলাম হৃদয়, সাধারণ সম্পাদক তুর্জয় চৌধুরি, সহসভাপতি তাসনিম তাবাসসুম আরিণ।
শিক্ষককে শাস্তি ও পদত্যাগ: নোবিপ্রবির শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান আশিকের বিরুদ্ধে শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের যৌন হয়রানি, মার্ক টেম্পারিংসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় প্রভাষক পদে পদাবনতিসহ শাস্তি প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে চাকরি থেকে পদত্যাগ করেন এই শিক্ষক।
বহিষ্কার, জরিমানা ও শোকজ: বিশ্ববিদ্যালয়ের শৃঙ্গলা পরিপন্থী কর্মকাণ্ড এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বছরব্যাপী বিভিন্ন সময়ে নোবিপ্রবির বিভিন্ন বিভাগের ৫১ জন শিক্ষার্থীকে বহিষ্কার, জরিমানা ও বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠান পরিচালনা করায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমামকে শোকজ করা হয়। নির্বাচন নিয়ে বিতর্কিত বক্তব্যের অভিযোগে নোবিপ্রবির উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. ওয়াহেদ উল্লাহকে শোকজ এবং গ্রন্থাগার দপ্তরে বদলি করা হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন: নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন-২০২৪ এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীপন্থী শিক্ষক প্যানেল নীল দল নিরঙ্কুশ জয়লাভ করেছে। এতে সভাপতি পদে নির্বাচিত হন শিক্ষা বিভাগের অধ্যাপক ড. বিপ্লব মল্লিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান।
নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন: ২ বছর পর অনুষ্ঠিত নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন ২০২৪-২৫ এর সভাপতি নির্বাচিত হন বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ উদ্দিন পলাশ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সহকারী রেজিস্ট্রার ইবনে ওয়াজিদ ইসলাম ইমন।
Leave a Reply