
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিন বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি এখনও দেশে বিদেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন ও দেশ বিরোধী শক্তিকে সমুচিত জবাব দেবার কথা বলেন তিনি।
ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ আহবান জানান। কেউ যেন অর্থ দিয়ে ভোটারদের কিনতে না পারে সে বিষয়ে জনগণকে সতর্ক থাকার কথা বলেন শেখ হাসিনা।
পদ্মা পাড়ের জেলা ফরিদপুরে ছয় বছর পর আওয়ামী লীগের জনসভা। শহরের প্রাণকেন্দ্র সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় প্রধানের আগমন উপলক্ষে উৎসবের শহরে পরিণত হয় গোটা ফরিদপুর।
শহরের প্রাণকেন্দ্র সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বেলা তিনটায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার আগেই ফরিদপুর শহর ও আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে জনাকীর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল।
নির্বাচনী জনসভায় উপস্থিত ফরিদপুরে আওয়ামী লীগ মনোনীত ৪ প্রার্থী, রাজবাড়ীর ২ জন এবং মাগুরায় নৌকা প্রতীকে নির্বাচন করা ক্রিকেট তারকা সাকিব আল হাসানকে সবার কাছে পরিচয় করিয়ে দেন আওয়ামী লীগ সভাপতি।
বক্তব্যে তার শাসনামলের নানা উন্নয়ন চিত্র তুলে ধরেন। বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে উন্নয়ন হয়।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারিরা এখনো অপতৎপরতায় লিপ্ত। দেশের উন্নয়নের জন্য নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।
ফরিদপুর বঙ্গবন্ধুর ঘাটি উল্লেখ করে তিনি বলেন, এই জেলার মানুষ নৌকার বাইরে যেতে পারে না।
সরকার গঠন করে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার কথাও বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
Leave a Reply