
অনলাইন ডেস্ক: ৬ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় রাজশাহী, জয়পুরহাট ও কুড়িগ্রাম জেলা এবং পাবনার ঈশ্বরদী উপজেলায় দু’দিন বন্ধ থাকবে সব স্কুল।
রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো রাজশাহী, পাবনা ও নওগাঁয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস বলছে, দেশের উত্তর-উত্তর পূর্বাঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়বে। তবে অন্য অঞ্চলে কমে আসবে শীত।
শনিবার (২০শে জানুয়ারি) মাউশির রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড. শরমিন ফেরদৌস চৌধুরী ও জেলার প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলামের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ১৬ জানুয়ারি মাউশি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এতে করে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ক্ষেত্রে যে সব জেলার তাপমাত্রার পূর্বাভাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভবনা রয়েছে ওই সব জেলার শিক্ষাদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনা সাপেক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা প্রদান করবেন।
রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, রাজশাহীর গতকাল তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৮ ডিগ্রি। এমন দুর্যোপূর্ণ বা বৈরী আবহাওয়ার কারণে রাজশাহী জেলার সব পর্যায়ের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
Leave a Reply